পেশাদার ফুটবলে বিশ্বের সর্বাধিক গোলের মালিক রোনালদো, গতরাতে আল-নাসেরের জয়ে করেছেন দুই গোল। তার গোলসংখ্যা এখন ৯৬৭। সৌদি প্রো লিগে আল-নাজমার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও সাদিও মানে এবং রোনালদোর জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তনে ম্যাচে ফেরে আল-নাসের। জয়ে টেবিলে শীর্ষ বহাল আছে ক্লাবটির।
গতরাতে আল-নাসেরের ঘরের মাঠ আলাওয়াল পার্কে ৫-২ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি। রোনালদো এবং মানের পাশাপাশি একটি গোল করেন আব্দুল্লাহ আল-হামদান। আল-নাজমার হয়ে গোল দুটি করেন রাকান আলতুলায়হি এবং ফেলিপ কার্ডোসো।
ম্যাচের ৪৪ মিনিটে আলতুলায়হির গোলে লিড পায় সফরকারীরা। ৪৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন কার্ডোসো। প্রথমার্ধের শেষ মিনিটে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কমান নাসেরের আল-হামদান। তার এক মিনিট পর মানের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-নাসেরকে লিড এনে দেন রোনালদো। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দিগুণ করেন ব্যবধান। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে মানের দ্বিতীয় গোলে ৫-২ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে নাসেরবাহিনী।
২৭ ম্যাচে ২৩ জয়, ১ ড্র ও ৩ হারে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে আল-নাসের। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৯ জয় ৭ ড্র ও কোন হার ছাড়াই ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আল-হিলাল।




