‘রুবি’ নিয়ে সামনে এলেন জেনি

‘রুবি’ নিয়ে সামনে এলেন জেনি

প্রথম একক অ্যালবাম ‘রুবি’ ঘিরে আবারও আলোচনায় এসেছেন ব্ল্যাকপিংক তারকা জেনি কিম। অ্যালবামটির এক বছর পূর্তি উপলক্ষে সিউলে একটি পপআপ স্টোর (অস্থায়ী দোকান) চালু করেছেন তিনি।

জেনির এজেন্সি অড অ্যাটেলিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সিউলের শপিং কমপ্লেক্স দ্য হিউনডাই সিউলে ‘আ ইয়ার ইন রুবি’ নামে এই স্টোর চালু করা হয়েছে। এটি আগামী বুধবার পর্যন্ত চলবে।

২০২৫ সালের মার্চে ‘রুবি’ প্রকাশ করেছিলেন জেনি কিম। অ্যালবামটি প্রকাশের পর গত এক বছরের স্মৃতিকে তুলে আনতেই এ আয়োজন। এখানে একটি ছোট প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজনের পোস্টার

অ্যালবাম প্রকাশের সময় বের হওয়া টি-শার্ট, মোজা, হুডিসহ বিভিন্ন পোশাক ও পণ্যও পপআপ স্টোরে রাখা হয়েছে।

দর্শনার্থীরা জানান, স্টোরে অ্যালবামের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কনটেন্টও দেখানো হচ্ছে। একটি বড় ডিজিটাল স্ক্রিনে অ্যালবামের এক বছর পূর্তি উপলক্ষে তৈরি ভিডিও প্রদর্শন করা হচ্ছে।

এ ছাড়া অ্যালবাম প্রচারের সময় জেনি কিম যেসব পোশাক পরেছিলেন, সেগুলোর মধ্য থেকে কয়েকটি পোশাকও এখানে প্রদর্শন করা হয়েছে।

পপআপ স্টোর চালুর এক দিন আগে জেনি প্রকাশ করেছেন বিশেষ সংস্করণ ‘রুবি (দ্য কমপ্লিট কালেকশন)’। নতুন সংস্করণে ‘লাইক জেনি’ গানের একটি রিমিক্সসহ মোট ২১টি গান রাখা হয়েছে।

কোরিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘রুবি’ অ্যালবামের জন্য সেরা কে-পপ অ্যালবাম এবং ‘লাইক জেনি’ গানের জন্য সেরা কে-পপ গানের পুরস্কার পেয়েছেন জেনি।
কোরিয়া টাইমস অবলম্বনে

Scroll to Top