প্রথম আলো :
আপনি বললেন, এ মাসে কাজ না করলে আগামী মাস চলতে পারবেন না…
আরশ খান: আমি অনেক সংগ্রাম করে আজকের জায়গায় এসেছি। একসময় টাকার জন্য অডিশনে যেতে পারিনি। অনেকের সহায়তায় অডিশনে গিয়েছি। অর্থনৈতিক টানাপোড়েন তো ছিলই। একবার আমার মা অনেক অসুস্থ। কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছিল। ৭০ হাজার টাকা বিল আসে। আমার কাছে কোনো টাকাই ছিল না। হাহুতাশ ছাড়া কিছুই করার ছিল না। এর মধ্যে আমার পরিচিতি কিছু মানুষ কীভাবে কীভাবে আমাকে পুরো টাকা দেয়। সেই দিন আমি শিখেছি মানুষের পাশে আমাকে সব সময় দাঁড়াতে হবে। যে কারণে এখন আমি যে টাকা আয় করি, তার মধ্যে নিজের জন্য কিছু রেখে, বাকি টাকা সবই যার প্রয়োজন জানতে পারলে তাকে দিয়ে দিই। আমার কাছে এটাই মনে হয়, আবার আমার যদি কোনো দিন টাকা না থাকে, তখন কেউ না কেউ সহায়তায় এগিয়ে আসবেন। কারণ, আমার কষ্টের সময়গুলোয় আমি তারকা ছিলাম না।
প্রথম আলো :
বললেন, অডিশনে যাওয়ার ভাড়া ছিল না…
আরশ খান: আমাকে আজকের জায়গায় আসতে বহু মানুষ সহায়তা করেছেন। তাঁদের সবাই আমার জীবনের জন্য উপহার। এখনো যখন কোনো কাজে যাই সেসব মানুষের কথা স্মরণ করি। তাঁদের আমি সামনে রাখি। এটাই মনে করি, একজন আরশ একা নন। এই মানুষদের জন্য যদি একটু কিছু করতে পারি তাহলেই আমি ভালো থাকব। আমি এই মানুষগুলোর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। তাঁরাই আমার পরিবার।
প্রথম আলো :
এখনো তো চাইলে ৩০ দিনই অভিনয় করতে পারেন…
আরশ খান: আমি চাইলে পুরো মাস টানা কাজ করতে পারি। আমি লাখ লাখ টাকা কামাতে পারি। কিন্তু আমি তা চাই না। আমার একটা ভক্ত তৈরি হচ্ছে, তাঁদের মানসম্পন্ন কাজ উপহার দিতে চাই। এমন না সেটা তাঁদের পছন্দের কাজ। আমি তাঁদের আমার পছন্দের কাজ উপহার দিতে চাই। তাহলেই তাঁরা আমাকে বেশি ভালোবাসবেন। তাঁদের পছন্দের কাজ করলে গল্পগুলো হয়তো সস্তা হয়ে যাবে। সেটা আমার দর্শকেরা চান না। আমিও নিজের পছন্দের বাইরে তাদের সঙ্গে শুধু ভিউ হবে, এমন গল্প ভাগাভাগি করে তাঁদের সঙ্গে প্রতারণা করতে চাই না। কারণ, ভালোবাসা দায়বদ্ধতা থেকে টেকসই হয়।