বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তার সফল মেয়াদের ভিত্তি তৈরি করবে বলে তিনি আশাবাদী।
বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, ত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধনে গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।
তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে তার।
অভিনন্দনবার্তার শেষাংশে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ, দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।

