
ময়মনসিংহ, ১৩ মার্চ – রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিও তোলেন।
শুক্রবার ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও সমালোচনা থাকা সত্ত্বেও কেবল সংসদকে সম্মান জানিয়ে তারা অধিবেশনে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সংসদে তারা আন্তরিকতার সঙ্গে অংশ নিলেও ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হয়। তার মতে, এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে তাদের আপত্তি ছিল এবং তারা স্পিকারের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ চেয়েছিলেন। কিন্তু তাদের সুযোগ না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়ায় তারা প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন। নাহিদ ইসলাম অবিলম্বে এই রাষ্ট্রপতির অভিশংসন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং শপথ ভঙ্গ ও আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতারের আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন যে, গণহত্যা চলাকালীন এই রাষ্ট্রপতি সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করেছিলেন।
ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর কথা স্মরণ করেন। তিনি জানান, ময়মনসিংহের ধোবাউড়ায় সাইফুল্লাহর বাড়িতে আগুন লাগিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ফ্যাসিস্ট বাহিনী।
আওয়ামী লীগকে গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাসের দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ৫ আগস্ট দেশের জনগণ তাদের চূড়ান্তভাবে পরাজিত করেছে।
ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ময়মনসিংহকে একটি সুন্দর বিভাগীয় শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া করেন।
বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম ও ইকরাম এলাহী খান।
এনএন/ ১৩ মার্চ ২০২৬





