রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে জানায়, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোর সময় অনুযায়ী মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। পূর্বনির্ধারিত ফ্লাইট অনুযায়ী বিমানটি ক্রিমিয়ায় উড়ছিল।
বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।
বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এএন-২৬ মডেলের সামরিক পরিবহন বিমান ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং মূলত মালবাহী কাজে ব্যবহৃত হয়। অতীতেও এই মডেলের একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
এর আগে ২০২২ সালে ইউক্রেনে একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। ২০২০ সালে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারান, যদিও একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।
এছাড়া দক্ষিণ সুদানে রুশ বাহিনীর একটি এএন-২৬ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন ছিলেন রুশ নাগরিক। ২০১৭ সালে আইভরি কোস্টেও একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে।




