রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক শান্তি বিষয়ক মর্যাদাপূর্ণ সম্মেলনে অংশ নিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ছয়জন শিক্ষার্থী।

সোমবার ৮ জুন আয়োজকদের চূড়ান্ত ফলাফলে জানা গেছে, তারা ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস কনফারেন্স ফর পিস: চিলড্রেন অ্যাজ দ্য পিসমেকারস’ শীর্ষক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী ১৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত রাশিয়ার ক্রিমিয়া প্রজাতন্ত্রের আন্তর্জাতিক শিশু কেন্দ্র ‘আরটেক’-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছবি: সংগৃহীত

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন—দিনাজপুরের টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রেম জুনিয়র টি. হান্সডাক, ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আহনাফ কাওছার ও জাহরান কাওছার, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. দাইয়ান রহমান ও মো. আয়ান রহমান, এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের চৌধুরী মাহতাসিম মাসরাফি।

ছবি: সংগৃহীত

আয়োজকরা জানান, ১৪ থেকে ১৭ বছর বয়সী বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন। এর লক্ষ্য হলো তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, আন্ত:সাংস্কৃতিক বোঝাপড়া এবং শান্তি প্রতিষ্ঠার ধারণা জোরদার করা।

ছবি: সংগৃহীত

তাদের মতে, এই আয়োজন ২০২৫ সালের ‘চিলড্রেনস ডিক্লারেশন অব পিস’-এর ধারাবাহিকতা, যেখানে ৬৭টি দেশের ৩ হাজারের বেশি শিশু অংশ নেয় এবং পরে তা জাতিসংঘ সাধারণ পরিষদেও উপস্থাপন করা হয়।

ছবি: সংগৃহীত

এছাড়া উদ্যোগটি স্নায়ুযুদ্ধকালীন শিশু শান্তিদূত সামান্থা স্মিথ ও কাতিয়া লিচেভার শান্তি প্রচেষ্টার অনুপ্রেরণায় পরিচালিত হচ্ছে বলে জানানো হয়।

ছবি: সংগৃহীত

নির্বাচিত শিক্ষার্থীদের আরটেক ক্যাম্পের অনলাইন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করে মধ্য জুনে যাত্রার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ছবি: সংগৃহীত

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই অংশগ্রহণ আন্তর্জাতিক সংলাপ ও সাংস্কৃতিক বিনিময়ে তরুণদের ভূমিকা আরও জোরদার করবে।

Scroll to Top