
উদয়পুর, ২৭ ফেব্রুয়ারি – উদয়পুরের এক রাজকীয় ভেন্যুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ঘোড়ায় চড়ে বর বেশে বিজয়ের আগমন এবং পাহাড়ি পথ বেয়ে কনে বেশে রাশমিকার নেমে আসা যেন সিনেমার কোনো রোমান্টিক দৃশ্যকেও হার মানিয়েছে।
নবদম্পতির বিয়ের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তাঁরা। তবে এই আনন্দঘন পরিবেশের মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কান্তারা খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠিকে যখন প্রশ্ন করা হয় যে তিনি রাশমিকার বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন কি না, তখন তিনি দৃশ্যত ক্ষুব্ধ হন।
প্রত্যক্ষদর্শীদের মতে কোনো উত্তর না দিয়েই ঋষভ বিরক্তি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। উল্লেখ্য ঋষভ শেঠির পরিচালিত কিরিক পার্টি সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল রাশমিকার। সেই সিনেমার প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি, যার সঙ্গে পরবর্তীতে রাশমিকার বাগদানও সম্পন্ন হয়েছিল ২০১৭ সালে। সেই অনুষ্ঠানে ঋষভও উপস্থিত ছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই রক্ষিত ও রাশমিকার বাগদান ভেঙে যায় এবং তখন থেকেই ঋষভের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব তৈরি হয়। বাগদান বিচ্ছেদের পর রাশমিকা বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও পুরনো সম্পর্কের তিক্ততা যে এখনো পুরোপুরি কাটেনি, ঋষভের এই প্রতিক্রিয়াই যেন তার প্রমাণ বহন করছে।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬





