ভারতের অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ওই দিন সকালে দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনের কাছে কালীঘাটের কালী মন্দিরে পূজা দেবেন তিনি। এরপর পদযাত্রা করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটি জনসভা করবেন।
মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন মন্দির নিয়ে। আমার এ নিয়ে কিছু বলার নেই। আমি সব সময় বলেছি, ধর্ম যার যার, উৎসব সবার।’ এরপরে তিনি ঘোষণা করেন, ২২ জানুয়ারি সকাল থেকে তিনি সর্বধর্ম সমন্বয়ে নানা কর্মসূচি পালন করবেন।



