রামিসা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আসিফ নজরুলের – DesheBideshe

রামিসা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আসিফ নজরুলের – DesheBideshe


রামিসা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আসিফ নজরুলের – DesheBideshe

ঢাকা, ২২ মে – রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল। তিনি শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুততর করতে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে বিশেষ শাস্তির প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, রামিসার ধর্ষক ও হত্যাকারীর জন্য প্রচলিত কোনো শাস্তিই যথেষ্ট নয়। তিনি প্রস্তাব করেন, এ ধরনের অপরাধীদের প্রকাশ্যে একশত বেত্রাঘাত করার পর মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত।

আসিফ নজরুল বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে শাস্তির মূল উদ্দেশ্য ব্যাহত হয়। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের বিশেষ উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, অতীতে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার মাত্র ছয় কার্যদিবসে শেষ হলেও আপিল নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগেছিল। এই দীর্ঘসূত্রতা এড়াতে প্রধান বিচারপতির হস্তক্ষেপে হাইকোর্ট ও আপিল বিভাগে বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানি শেষ করার আহ্বান জানান তিনি। কেবল বিচারিক আদালতে নয়, বরং উচ্চ আদালতে যাতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসায় রামিসাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করে সোহেল রানা। ঘাতক সোহেল শিশুটির দেহ খণ্ডবিখণ্ড করে খাটের নিচে লুকিয়ে রেখেছিল। পরে পুলিশ সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। রামিসার মরদেহ ময়নাতদন্ত শেষে মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

এনএন/ ২২ মে ২০২৬



Scroll to Top