
রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগেই আলোচনায়। ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার সাই পল্লবী।
এবার সাই পল্লবীর এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির প্রিমিয়ারে রাবণকে নিয়ে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম পর্ব বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা আগামী ৫ নভেম্বর। মুক্তির আগে গত ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে লালগালিচায় দেয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী ভারতীয় সংস্কৃতি ও পৌরাণিক কাহিনি বিশ্বদর্শকের কাছে তুলে ধরার ক্ষেত্রে সিনেমাটির ভূমিকা নিয়ে কথা বলেন। তবে রাবণকে নিয়ে তার মন্তব্যই বেশি মনোযোগ কেড়েছে।
সাই পল্লবী বলেন, ‘একই সঙ্গে ধর্মগ্রন্থ হিসেবে বিষয়টিকে দেখলে, আপনি যদি বিশ্বাসী হন, তাহলে নিজের ভেতরে ভালো ও মন্দের উপস্থিতি নিয়ে ভাবতে পারেন। সময়ের সঙ্গে নিজেকে সংশোধন করার চেষ্টা করতে পারেন। কারণ, রাবণ পুরোপুরি খারাপ নন। আমাদের প্রত্যেকের ভেতরে থাকা রাবণকে চিনতে হবে এবং সময়ের সঙ্গে নিজেদের পরিবর্তন করতে হবে।’
তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। কেউ তার মন্তব্যের সমালোচনা করেছেন, কেউ আবার বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
একজন মন্তব্য করেন, ‘এ ধরনের বক্তব্য এড়িয়ে যাওয়া উচিত। কারণ, এতে নেতিবাচকতা ও বিতর্ক আরও বাড়বে।’ আরেকজন লেখেন, ‘একজন নারী তার অপহরণকারীর প্রশংসা করছেন।’
তবে ভিন্নমতও দেখা গেছে। এক নেটিজেনের মতে, ‘পুরোপুরি খারাপ নন’ বলার অর্থ একজন মানুষের মধ্যে ভালো ও মন্দ, দুই ধরনের বৈশিষ্ট্যই থাকতে পারে। এতে বিতর্কের কিছু নেই।
সাই পল্লবীর প্রতি অনলাইনে চলমান সমালোচনার প্রসঙ্গ টেনে আরেকজন লেখেন, ‘তিনি এমনিতেই অনেক ঘৃণার শিকার হচ্ছেন। নতুন করে এমন বক্তব্য নিয়ে তাকে আক্রমণ করার প্রয়োজন নেই।’
অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, অভিনেত্রীর বক্তব্যের অর্থ ঠিকভাবে বোঝা হচ্ছে না। তার পক্ষ নিয়ে এক নেটিজেন লেখেন, ‘মানুষ সবকিছুতেই বিতর্ক খোঁজে। তিনি স্পষ্টতই রাবণের সঙ্গে মানুষের ভেতরের অশুভ প্রবৃত্তির তুলনা করেছেন। এই প্রবৃত্তি সবার মধ্যেই আছে, আর তা জয় করাই গুরুত্বপূর্ণ।’
‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। এনডিটিভি
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

