রিয়াল মাদ্রিদের চেয়ে কেবল এক পয়েন্টে এগিয়ে থেকে ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। বড় জয়ে আবারও সেই ব্যবধান বাড়াল কাতালুনিয়ার ক্লাবটি। ম্যাচে হ্যাটট্রিক গোলের দেখা ব্রাজিলীয় তারকা রাফিনহা।
ন্যু ক্যাম্পে রোববার রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৫-২তে জিতেছে বার্সেলোনা। ম্যাচের ৯ ও ২১ মিনিটে পেনাল্টি থেকে জালের দেখা পান রাফিনহা। ৩৮ মিনিটে আরও এক গোল করে দলের স্কোরলাইন ৩-০তে নেন দানি ওলমো। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে এক গোল করে সেভিয়া।
বিরতি থেকে ফেরার মিনিট পাঁচেক পরই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাহিনহা। ৬০ মিনিটে জোয়াও ক্যান্সলো আরও এক গোল করলে বার্সায় স্কোর দাঁড়ায় ৫-১। তবে যোগ করা সময়ে আরও একটি গোল সেভিয়া শোধ করলে শেষপর্যন্ত ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
লিগের চলতি মৌসুমে এটাই রাফিনহার প্রথম হ্যাটট্রিক। আসরে এ নিয়ে তার গোল হল ১১টি। যা পোলিশ সতীর্থ রবার্ট লেভান্ডোভস্কির সমান।
ঘরের মাঠে টানা ১৪টি লিগ ম্যাচ জিতল বার্সা, ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে যা তাদের সর্বোচ্চ। চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সার পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল।
গত অক্টোবরে সেভিয়ার মাঠে এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ৪-১ গোলের ভরাডুবি হয়েছিল তাদের। দারুণ পারফরম্যান্সে এবার যেন সেই ক্ষতে প্রলেপ দিল লিগ চ্যাম্পিয়ন দলটি।





