রাজাকারের দল বিএনপি, তাদের আগে ক্ষমা চাওয়া উচিত: দেলাওয়ার হোসেন – DesheBideshe

রাজাকারের দল বিএনপি, তাদের আগে ক্ষমা চাওয়া উচিত: দেলাওয়ার হোসেন – DesheBideshe

রাজাকারের দল বিএনপি, তাদের আগে ক্ষমা চাওয়া উচিত: দেলাওয়ার হোসেন – DesheBideshe

ঠাকুরগাঁও, ৪ ফেব্রুয়ারি – ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বিএনপির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিএনপির নেতারা এখন কথায় কথায় জামায়াতকে রাজাকারের দল বলে আখ্যায়িত করছে, যা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ইতিহাস সাক্ষী, স্বাধীনতার পর সরকার প্রকাশিত রাজাকারের তালিকায় বিএনপির প্রায় এক হাজার নেতার নাম ছিল। তাই প্রকৃতপক্ষে বিএনপিই রাজাকারের দল। ভোট চাওয়ার আগে তাদের উচিত জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ফাজিল মাদরাসা ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু আপনারা বর্তমানে যে মিথ্যাচার করছেন, তা ঠাকুরগাঁওয়ের মানুষ বিশ্বাস করে না। জনশ্রুতি রয়েছে যে, আপনার বাবার নামও রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

বিগত ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে দেলোয়ার হোসেন বলেন, জাতি আশা করেছিল লুটেরা ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি মিলবে। কিন্তু দুর্ভাগ্যবশত, ফ্যাসিস্ট সরকারের আমলের মতোই চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি অব্যাহত রয়েছে। কেবল হাতবদল হয়েছে, কিন্তু অপকর্মের চিত্র বদলায়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এসব অপকর্ম কঠোর হস্তে দমন করা হবে এবং সংখ্যালঘুসহ কোনো পরিবারের ওপর জুলুম হতে দেওয়া হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে জামায়াত প্রার্থী বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এখানে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইপিজেড স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করা হবে। পাশাপাশি কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান এবং নারীরা তাদের প্রাপ্য সামাজিক মর্যাদা ফিরে পান, তা নিশ্চিত করা হবে।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা এনসিপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং খেলাফত মজলিসের আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top