
ঢাকা, ১২ আগস্ট – রাজনৈতিক দলগুলোর দেওয়া নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংস্কার উদ্যোগ বাস্তবায়নের গতি সরাসরি নজরদারি করতে ‘ম্যানিফেস্টো ওয়াচ’ নামক একটি নতুন অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের অধীনে পরিচালিত এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা এখন থেকে রাজনৈতিক দলগুলোর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের সঠিক অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত এক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো এবং এসডিজি শীর্ষক প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে জানানো হয় যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে কতটা মনোযোগী থাকে তা সাধারণ মানুষের কাছে সবসময় স্পষ্ট হয় না। এখন থেকে সাংবাদিক, গবেষক এবং সাধারণ নাগরিকরা অনলাইনে ঢুকে দেখতে পারবেন দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ইশতেহার অনুযায়ী দলগুলো বা সরকার কতটা কাজ করেছে।
প্রবন্ধে আরও বলা হয় যে দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রভূত উন্নতি হলেও প্রান্তিক জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার। রাজনৈতিক দলগুলো পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় আনার যে প্রতিশ্রুতি দেয় তা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপান্তরের জন্য ম্যানিফেস্টো ওয়াচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলনে উদাহরণস্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইশতেহারে উল্লিখিত বিভিন্ন প্রতিশ্রুতি যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষিঋণ এবং শিক্ষা বাজেটের মতো বিষয়গুলো কীভাবে ট্র্যাকিং করা হবে তার একটি রূপরেখা দেওয়া হয়। এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচিতে রাজনৈতিক পক্ষপাত ও দুর্নীতি রোধে দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী প্রদেয় সুবিধাসমূহ জনসম্মুখে প্রদর্শনের বিষয়টিও এই প্ল্যাটফর্ম মনিটরিং করবে।
দর্শনার্থীরা দুর্নীতি বিরোধী সংস্কার থেকে শুরু করে শ্রম অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সাব ডোমেইন বেছে নিয়ে বিষয়ভিত্তিক অগ্রগতি পর্যালোচনা করতে পারবেন।
এনএন/ ১২ আগস্ট ২০২৬


