বুধবার বিকাল ৪টার পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়। এতে গরম কিছুটা কমেছে।
এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ‘ভারি থেকে অতিভারি’ বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা ‘ভারি বৃষ্টি’ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা ‘অতিভারি বর্ষণ’ বলে আখ্যায়িত করে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ফয়জুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ওই এলাকাসহ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।




