রাজধানীতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, নতুন যানবাহন হস্তান্তর | চ্যানেল আই অনলাইন

রাজধানীতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, নতুন যানবাহন হস্তান্তর | চ্যানেল আই অনলাইন

রাজধানীর ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার সকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই কর্মসূচির উদ্বোধন করেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় বলে জানিয়েছে সিটি করপোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রামও চলমান রয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কবাতির উন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজন হলে স্থানীয়দের সহায়তায় খালের জায়গা দখলমুক্ত করা হবে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ধলপুর এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। এ সময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণ করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়।

ডিএসসিসির নতুন যানবাহন হস্তান্তর
অভিযান শেষে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক যান–যন্ত্রপাতি সংগ্রহ ও মেকানাইজড পার্কিং স্থাপন’ প্রকল্পের আওতায় ক্রয় করা কয়েকটি নতুন যানবাহন হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা যানবাহনের মধ্যে রয়েছে- ৮ টন ক্ষমতাসম্পন্ন ৫টি থ্রি–হুইল রোড রোলার, ৩টি টায়ার ডোজার, ১টি লো–বেড ট্রেইলার এবং ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১০টি পানির গাড়ি।

  • ৫টি থ্রি-হুইল রোড রোলার
  • ৩টি টায়ার ডোজার
  • ১টি লো-বেড টেইলর
  • ১০টি পানির গাড়ি
ছবি: ‘আধুনিক যান–যন্ত্রপাতি সংগ্রহ ও মেকানাইজড পার্কিং স্থাপন’ প্রকল্পের আওতায় ক্রয় করা কয়েকটি নতুন যানবাহন হস্তান্তর

ডিএসসিসি প্রশাসক বলেন, এসব আধুনিক যানবাহন বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় সহায়ক হবে। এর মাধ্যমে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া একই দিনে ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের উদ্যোগে চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ সম্পর্কে প্রশাসক বলেন, চালকেরা দক্ষ হলে ছোটখাটো যান্ত্রিক সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হবে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও যান্ত্রিক সার্কেলের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top