রাজধানীতে গির্জায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

রাজধানীতে গির্জায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি এই সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাথে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে বলেও উল্লেখ করা হয় পোস্টে।

পোস্টে আরও জানানো হয়, রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে উল্লেখ করে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও জানানো হয় পোস্টে।

Scroll to Top