
ঢাকা, ২১ জুলাই – রাজধানীর বাজারগুলোতে এক মাসের ব্যবধানে কাঁচা মরিচের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মাসের শুরুতে যে মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
বিভিন্ন খুচরা বাজারে এখন কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, তবে কিছু এলাকায় তা সর্বোচ্চ ২৮০ টাকা পর্যন্ত দরে বিক্রি হতে দেখা গেছে। মরিচের পাশাপাশি পেঁয়াজসহ অন্যান্য সবজির দামও নতুন করে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার রাজধানীর কাঁচাবাজারগুলোতে সরেজমিনে এমন চিত্র পরিলক্ষিত হয়।
বিক্রেতাদের দাবি, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। খেত নষ্ট হয়ে যাওয়ায় পাইকারি বাজারে সরবরাহ কমেছে উল্লেখযোগ্য হারে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে আবারও দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেয়ায় পরিস্থিতি সহসা স্বাভাবিক হওয়ার আশা দেখছেন না ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা গেছে, স্থানভেদে মরিচের দামের মধ্যে বড় ব্যবধান রয়েছে। কারওয়ান বাজারে মানভেদে প্রতি কেজি মরিচ ১৬০ থেকে ২০০ টাকায় পাওয়া গেলেও পাড়া-মহল্লার বাজারে তা ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহের ব্যবধানে আড়াই শ গ্রাম মরিচের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে।
এদিকে পেঁয়াজের বাজারেও উত্তাপ ছড়াচ্ছে। গত সপ্তাহে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে জোগান কম থাকায় এবং চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি সবজি ছাড়া অধিকাংশেরই দাম কেজি প্রতি ১০০ টাকার ওপরে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
এস এম/ ২১ জুলাই ২০২৬




