রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায়

রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায়

আনাস (রা.) বলেন, তিনি একবার নবীজির সঙ্গে হাঁটছিলেন। নবীজির গায়ে ছিল মোটা কাপড়ের একটি চাদর। এক বেদুইন এসে সেই চাদর ধরে সজোরে টান দিল। টানের কারণে মোটা কাপড়ের ঘষায় নবীজির কাঁধে দাগ বসে গেল।

লোকটি কর্কশ স্বরে বলল, ‘আল্লাহর যে সম্পদ তোমার কাছে আছে, তা থেকে আমাকে কিছু দিতে বলো।’

মহানবী (সা.) লোকটির দিকে ফিরে তাকালেন। মুচকি হাসলেন। তারপর তাকে কিছু দেওয়ার নির্দেশ দিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৩১৪৯)

শারীরিক ব্যথা পাওয়ার পরও রূঢ় আচরণের শিকার হওয়ার পরও তিনি রাগ করেননি। প্রতিশোধ নেননি। বরং হাসিমুখে সাহায্য করেছেন। এটাই ছিল তাঁর চরিত্র। রাসুলের অনুসারী হিসেবে আমাদের মাঝেও এমন আচরণ প্রতিস্থাপন করতে হবে।

পরেরবার যখন রাগ উঠবে, একটা কাজ করুন। থেমে যান। কথা বলার আগে তিন সেকেন্ড অপেক্ষা করুন। প্রয়োজনে বসে পড়ুন বা জায়গা বদলে ফেলুন।

রাগের মুহূর্তে আপনি যা বলবেন বা করবেন, তার দায় পরে আপনাকেই বহন করতে হবে। কিন্তু সেই একই মুহূর্তে থেমে গেলে, নবীজির শেখানো পথে হাঁটলে, আপনি হয়তো এমন কিছু থেকে বেঁচে যাবেন, যার জন্য সারা জীবন আফসোস করতে হতো।

  • মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন শিক্ষক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Scroll to Top