এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকার ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রথমে গোল হজম করেছিল বাংলাদেশ। পরে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ৮৪ মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ জামাল ভূঁইয়াদের।
হাভিয়ের ক্যাবরেরা এদিন শুরুর একাদশে নামান গত ম্যাচে অভিষেক হওয়া জায়ান আহমেদকে, ছিলেন মিডফিল্ডার সামিত সোমও। ১১ মিনিটে ভালো আক্রমণ করেছিল হংকং, তবে তপু বর্মণের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে হংকংয়ের ভালো একটি কাউন্টার অ্যাটাক অফসাইডে থেমে যায়।
২০ মিনিটে ডি বক্সের খানিকটা আগে ফ্রি কিক পায় হংকং। শটের পর লিওন জোনসের হেড ঠেকিয়ে দেন মিতুল মারমা। পরের মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ, তবে হামজা চৌধুরীর বুলেটগতির শট কাজে লাগেনি।
সময় পেরোতে আরও আক্রমণাত্মক হয়ে উঠে হংকং চায়না। ২৭ মিনিটে ফ্রি কিকের বিপদ কাটিয়ে দেন তপু, দুই মিনিট পর কর্নারের কাছে জায়ান আহমেদ ফাউল করলেও কোনো বিপদ হয়নি বাংলাদেশের। ৩৪ মিনিটে বিপদ ডেকে আনেন তারিক কাজী।
ডি বক্সের মাঝে ফাউল করেন ফের্নান্দো পেডরেইরাকে, রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি নেন হংকং অধিনায়ক ম্যাট ওর, ৩৬ মিনিটে গোল হজম করে ১-০ গোলে এগিয়ে যায় হংকং। গোল হজম করেও বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও কাজ হয়নি। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
৫১ মিনিটে ভালো সুযোগ আসে বাংলাদেশের। সাদ উদ্দিন গোলবারের মুখে বল পেলেও হংকং গোলকিপারকে ফাঁকি দিতে পারেননি। মিনিট দশেক পর কাউন্টার অ্যাটাকে প্রায় গোল হজম করে বসেছিল বাংলাদেশ। ৬৮ মিনিটে ফাহমিদুলের গোলমুখের শট ঠেকিয়ে দেন হংকংয়ের গোলকিপার।
বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় বাংলাদেশের হাতে ছিল। ৭১ মিনিটে জামাল ভূঁইয়া গোলমুখে প্রায় একা থাকলেও তার শটে গোল হয়নি। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রস লাগালেই গোল, সেটাই পা লাগাতে পারেননি ফাহমিদুল।
৭৪ মিনিটে হংকংয়ের অলিভার বেঞ্জামিন দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ড হজম করলে ১০ জনের দলে পরিণত হয়। ৮৪ মিনিটে ১০ জনের সুবিধা নিয়ে গোল করেন রাকিব হোসেন, ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। পরে বাংলাদেশ আরও কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে আর কোনো সুযোগ কাজে লাগাতে না পারলে ১-১ গোলের সমতায় শেষ করতে হয় বাংলাদেশকে।





