এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল। এ নির্বাচন ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী এবং নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
বুধবার ১৫ অক্টোবর সকাল থেকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ হাজার পুলিশ, ১৮ প্লাটুন র্যাব-বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন আশঙ্কা নেই, কোন মহল যদি তা করে তাহলে ছাড় দেওয়া হবে না। বিশৃঙ্খলাকারী কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিন দিনের জন্য মিছিল, সভা-সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা জানায় আরএমপি।




