রমজান মাস শুরুর আগেই এলপি গ্যাসের চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা।
বুধবার ২১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সচিবলায়ে অনুষ্ঠিত সভায় তারা এই আশ্বাস দেন।
তিনি বলেন, চাহিদা ও যোগানের মধ্যে ঘাটতির কারণেই এ সমস্যা সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা জানান, এলপি গ্যাস আমদানির সঠিক ও হালনাগাদ তথ্য না থাকায় আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ফলে বাজারে সাময়িক সংকট দেখা দেয়।
তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এলপি গ্যাস আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে করে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম ও সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



