রমজানের আগেই মুন্সীগঞ্জে লেবুর হালি ১৭০ টাকা, সবজির দামেও আগুন – DesheBideshe

রমজানের আগেই মুন্সীগঞ্জে লেবুর হালি ১৭০ টাকা, সবজির দামেও আগুন – DesheBideshe

রমজানের আগেই মুন্সীগঞ্জে লেবুর হালি ১৭০ টাকা, সবজির দামেও আগুন – DesheBideshe

মুন্সীগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস সমাগত, আর ঠিক এই মুহূর্তেই মুন্সীগঞ্জের বাজারগুলোতে লেবুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন। ইফতারের অপরিহার্য উপাদান হওয়ায় রমজানের আগেই লেবুর চাহিদা বহুগুণ বেড়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

শুধু লেবু নয়, রোজার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব ধরনের কাঁচা সবজির দামই এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বুধবার সকালে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি হালি লেবু ১২০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের লেবুর হালিও ৬০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহের তুলনায় প্রায় তিনগুণ বেশি। গত সপ্তাহে যে লেবু ৪০ টাকা হালিতে পাওয়া যেত, তা এখন ১৭০ টাকায় ঠেকেছে। খুচরা বাজারে প্রতিটি লেবু ১৫ টাকা করে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৩ টাকা। ক্রেতাদের অভিযোগ, চড়া দাম দিলেও মিলছে না মানসম্মত ও রসালো লেবু। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা মরিচ, টমেটো, বেগুন ও পেঁয়াজের দাম।

একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, রমজানে শরবত ও সালাদের জন্য লেবু অত্যাবশ্যকীয় হলেও অতিরিক্ত দামের কারণে তা এখন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পড়েছে। বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় এবং সরবরাহ কম থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া এটি লেবুর ভরা মৌসুম না হওয়ায় দাম কিছুটা বাড়তি। তবে ক্রেতারা মনে করছেন, রমজানকে কেন্দ্র করে সিন্ডিকেট বা অসাধু চক্র কারসাজি করে দাম বাড়াচ্ছে।

তাদের মতে, পাইকারি বাজারে দাম বাড়লে সব খুচরা বাজারে দামের সামঞ্জস্য থাকার কথা, কিন্তু বিভিন্ন বাজারে দামের বিশাল ফারাক লক্ষ্য করা যাচ্ছে। সচেতন মহলের মতে, রমজানের আগে বাজার মনিটরিং জোরদার করা জরুরি। এ বিষয়ে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের উপপরিচালক আসিফ আল আজাদ জানান, নিয়মিত বাজার মনিটরিং চলছে। স্থানীয় বিক্রেতারা ঢাকা থেকে বেশি দামে পণ্য কিনছেন এবং পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় খুচরা বাজারে দামের এই উর্ধ্বগতি দেখা যাচ্ছে। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top