রফিককে কোচ নিয়োগের যে ব্যাখ্যা দিল বিসিবি | চ্যানেল আই অনলাইন

রফিককে কোচ নিয়োগের যে ব্যাখ্যা দিল বিসিবি | চ্যানেল আই অনলাইন

আগামী এক বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিক। সাবেক বাঁহাতি স্পিনার নিয়োগ দেয়ার ব্যাখ্যাও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার কাছ থেকে পরামর্শ পেলে দেশের সব পর্যায়ের স্পিনাররাই খুব উপকৃত হবে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

শনিবার দুপুর থেকে শুরু হয়ে প্রায় ৭ ঘণ্টা ধরে চলা বিসিবির চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। পরে তাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নাজমুল আবেদীন।

তিনি বলেন, ‘আপাতত এক বছরের চুক্তি। রফিকের যে বোলিং দেখি, যেখানেই খেলুক, আমাদের অনেকেরই মনে হয় যে, ও অবসর নেওয়ার মত না এখনও। সাধারণ একটা খেলায় মাঠের মধ্যে ওর যে ইনটেন্ট থাকে, আমাদের মনে হয়, জুনিয়র-ইন্টারমিডিয়েট, এমনকি সিনিয়র লেভেলের যারা আছে, তাদের সঙ্গে যদি রফিক কাজ করে, ওর কাছ থেকে যদি কিছু টিপস পায় তারা, খুব উপকারী হবে।’

দেশে স্থানীয় স্পিন বোলিং কোচ বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও উল্লেখ করেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান। তিনি বলেন, ‘সত্যি বলতে যদি একটু হিসাব করি, আমাদের প্রায় ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু তিনজন স্পিন কোচও খুঁজে পাওয়া যাবে না দেশের ভেতরে। তাই ওই জায়গাটা খুবই শঙ্কার। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় প্রস্তুত আছেন, যে এখনই সার্ভ করতে পারবে।’

‘এর পাশাপাশি আরও হয়তো ২-৪ জনকে ভবিষ্যতে আমরা দেখতে পাব, যারা কাজ করবে। এর আগে একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এটা অনুভব করছি যে আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। এটা খুব প্রয়োজনীয় আমাদের। তাই এটা মাথায় রেখেই রফিককে নেওয়া। এরপরে আরও খোঁজ চালাব।’-যোগ করেন তিনি।

Scroll to Top