
মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন। পরিচালক রোহিত শেঠির বাসভবনে হামলার ঘটনার ঠিক পরের দিনই হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি রণবীরকে সতর্ক করে বার্তা পাঠিয়েছেন।
ওই বার্তায় বলা হয়েছে, রণবীর যদি সতর্ক না হন তবে তার ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। এমনকি অভিনেতার কর্মীদেরও ক্ষতি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভয়েস মেসেজে উল্লেখ করা হয়েছে যে রণবীরের ম্যানেজার ও অন্যান্য কর্মীদের সম্পর্কে সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে। সরাসরি অভিনেতাকে কিছু না বলে তার কর্মীদের ওপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
হুমকিবার্তায় বলা হয়, রণবীর সিং তুমি উপদেশ দিতে পছন্দ করো, এবার আমার কথা শোনো। তোমার অধীনে কর্মরত সবার তথ্য আমাদের কাছে আছে। আমরা ওদের আঘাত করা শুরু করব, তখনই তোমার হুঁশ ফিরবে। এই ঘটনার পর অভিনেতার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





