১২ নম্বর শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকার আনারবি খাতুন (৬৫)। গত ৬ জানুয়ারি দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন। তাঁর সঙ্গে থাকা বোন ছায়রা খাতুন জানান, পাটখড়ি ও খড় দিয়ে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন ধরে যায় আনারবির।
৬ জানুয়ারি ভর্তি হওয়া সৈয়দপুরের ধলোগঞ্জ এলাকা থেকে শিশু হিমু খাতুন (৬)। সঙ্গে থাকা মা মজিদা বেগম জানান, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গায়ে ধরে।
চিকিৎসক ফারুক আলম জানান, অল্প কয়েক দিন হলো এ অঞ্চলে কনকনে শীত পড়েছে। শীত থেকে রেহাই পেতে গ্রামাঞ্চলের মানুষজন খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। সেই সঙ্গে গরম পানির ব্যবহারও বেড়ে যায়। অসাবধানতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। তাঁরা সাধ্যমতো দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।



