
রংপুর, ১৫ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান আসন্ন। সিয়াম সাধনার এই মাসকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রংপুরের বাজারে রোজার আগেই বেগুন ও লেবুর দামে যেন আগুন লেগেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই দুই পণ্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
রবিবার সকালে রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এক অস্থির চিত্র। গত সপ্তাহে যে বেগুনের দাম প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা ছিল, বর্তমানে তা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। রোজার শুরুতেই এই দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা। অন্যদিকে লেবুর বাজারেও চলছে অরাজকতা। এক সপ্তাহ আগে এক হালি লেবুর দাম যেখানে ১৫ থেকে ২০ টাকা ছিল, এখন সেখানে একটি লেবুই বিক্রি হচ্ছে ১৫ টাকায়। অর্থাৎ লেবুর দাম বেড়েছে তিনগুণেরও বেশি।
নগরীর শাহীপাড়া এলাকার বাসিন্দা গৃহিণী মনিরা ইসলাম জানান, রোজার আগেই বেগুন ও লেবুর এমন অস্বাভাবিক দাম কল্পনার বাইরে। এখনই যদি এই অবস্থা হয় তবে রমজানের মধ্যে সাধারণ মানুষের পক্ষে এসব কেনা অসম্ভব হয়ে পড়বে। তিনি প্রশাসনের পক্ষ থেকে কঠোর বাজার মনিটরিংয়ের দাবি জানান। এ বিষয়ে খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাজারে পণ্যের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





