কার্লো আনচেলত্তির অধীনে ক্লাব পর্যায়ে অনেকবার পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তন হতে দেখা পরিচিত বিষয়। একই দৃশ্য দেখা গেল বিশ্বকাপ মঞ্চেও। জাপানের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের শেষে এসে জয় তুলেছে ব্রাজিল। টিকিট কেটেছে শেষ ষোলোর। এদিন মাঠে দেখা যায়নি নেইমার জুনিয়রকে। কেন? খোলাসা করেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ।
হিউস্টনের স্টেডিয়ামে কাইশু সানোর গোলে ২৯ মিনিটে এগিয়ে যায় জাপান। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মাগালহেয়েসের ক্রসে কাসেমিরোর দারুণ এক হেডে সমতায় ফেরে সেলেসাও দল। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২-১ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলে ব্রাজিল।
এদিন সমতায় ফেরার পর বা শেষদিকে যখন জয়সূচক গোলটি দরকার, নেইমারকে কেন মাঠে নামানো হয়নি সেই আলোচনা উঠছে। আনচেলত্তি সেবিষয়ে পরিস্কার জানিয়ে দিলেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমরা অতিরিক্ত সময়ের কথা ভাবছিলাম। নেইমারকে বলেছিলাম যে, কোন এক পর্যায়ে খেলা ড্র হলে তাকে মাঠে নামাব। শেষ পর্যন্ত দেখা গেল, তাকে আমাদের দরকারই পড়েনি। বিশ্বকাপে আমরা যতগুলো ম্যাচ খেলেছি, তার মধ্যে এটাই ছিল সবচেয়ে পরিপূর্ণ খেলা। প্রথমার্ধে আমরা সমস্যায় পড়েছিলাম, কারণ জাপান খুব ভালো রক্ষণ সামলাচ্ছিল। তারা আমাদের খুব কাছাকাছি ছিল।’



