যে কারণে ক্লাবের ১০ শতাংশ শেয়ার বিক্রি করছে রিয়াল মাদ্রিদ | চ্যানেল আই অনলাইন

যে কারণে ক্লাবের ১০ শতাংশ শেয়ার বিক্রি করছে রিয়াল মাদ্রিদ | চ্যানেল আই অনলাইন

ক্লাবের ১০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির বিষয় ভাবছে ক্লাবটি। তাতে পাবলিক লিমিটেড কোম্পানি না হয়েও তহবিল সংগ্রহ করতে পারবে রিয়াল।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর, লস ব্লাঙ্কোসদের সভাপতি ফ্লোরিন্তিনো পেরেজ ক্লাব সদস্যদের কাছে পরিকল্পনাটি তুলে ধরেন। রিয়ালের আর্থিক উন্নতি ও ভবিষ্যতের চিন্তা করে তিনি জোর দিয়ে বলেছেন, ‘এমন পরিকল্পনাটিতে দুঃসময়ে একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের রক্ষা করবে।’

ক্লাবটির আধুনিক ইতিহাসে পেরেজের এমন পরিকল্পনায় বিশাল কর্পোরেট পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। এর আগেও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের ২০ শতাংশ শেয়ার ৪১৭ মিলিয়ন ডলারে বিক্রি করেছে সিক্সথ স্ট্রিট এবং লেজেন্ডস নামের দুই প্রতিষ্ঠানের কাছে।

রিয়াল সভাপতি ক্লাবটির সদস্যদের বলেছেন, ‘আমাদের ক্লাবের একটি সাংগঠনিক কাঠামো থাকা উচিত যা  প্রতিষ্ঠান ও ক্লাবের মালিকদের রক্ষা করবে। এই লক্ষ্যে আমরা একটি সভা করব, ক্লাবের কর্পোরেট ব্যবস্থা পুনর্গঠনের জন্য একটি প্রস্তাব সামনে আনব।’

‘এর মাধ্যমে আমাদের ক্লাবের ভবিষ্যত সুরক্ষিত থাকবে। যেকোনো আর্থিক অসঙ্গতি ও হুমকি থেকে আমাদের রক্ষা করবে। সর্বোপরি, নিশ্চিত করবে যে সদস্যরাই আমাদের ক্লাব ও এর আর্থিক সম্পদের প্রকৃত মালিক।’

Scroll to Top