
ইসলামাবাদ, ২৮ মার্চ – ইরানে চলমান যুদ্ধ বন্ধে জোর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে উচ্চপর্যায়ের এক কূটনৈতিক সম্মেলন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বিশেষ আমন্ত্রণে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে জানানো হয়, ২৯ এবং ৩০ মার্চ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিসরের বদর আবদেলাত্তি ইসলামাবাদে অবস্থান করবেন। এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মূলত আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং নিজেদের মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদার করার বিষয়ে নিবিড় আলোচনায় অংশ নেবেন। আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি সফররত অতিথিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও এক বিশেষ বৈঠকে মিলিত হবেন।
চলমান আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর করাই এই সাক্ষাতের প্রধান উদ্দেশ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর বিশ্বজুড়ে মারাত্মক জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এমন একটি সংকটময় পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান নিজেকে যুদ্ধ বন্ধের এই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে তুলে ধরতে চাইছে।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে অন্তত ঘণ্টাব্যাপী কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ফোনালাপে যুদ্ধ বন্ধে এবং আলোচনার পথ সুগম করতে পারস্পরিক আস্থা তৈরির ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরিফের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার ব্যাপক প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান।
সম্প্রতি শাহবাজ শরিফের একটি এক্স পোস্টের স্ক্রিনশট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছিলেন। ওই পোস্টে শাহবাজ প্রস্তাব দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনার আয়োজন করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এ এম/ ২৮ মার্চ ২০২৬





