
তেহরান, ৮ এপ্রিল – পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার, ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন যে এই বিরতি দুই দেশের মিত্রদের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে ইসরায়েল সেই শর্ত ভঙ্গ করে বুধবার সন্ধ্যায় লেবাননে প্রায় একশটি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর একজন কর্মকর্তা ফার্স নিউজকে জানিয়েছেন যে তারা ইসরায়েলি হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়াও সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন যে ইসরায়েল লেবাননে যে অপরাধ করেছে তার শাস্তি তাদের পেতেই হবে। তিনি আরও উল্লেখ করেন যে ইসরায়েল সবসময় কথা ভঙ্গ করে এবং তাদের কেবল অস্ত্রের মাধ্যমেই প্রতিহত করা সম্ভব।
এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন আলজাজিরাকে জানিয়েছেন যে ইসরায়েলের ভয়াবহ হামলার কারণে বৈরুতসহ অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে হতাহতদের ভিড় জমেছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার কড়া সমালোচনা করে বলেছেন যে ইসরায়েল এখন প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের হত্যা করছে। তিনি অভিযোগ করেন যে ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে এবং আন্তর্জাতিক মানবিক আইন চরমভাবে অবজ্ঞা করছে।
একইসঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে মিত্র দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬





