যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সৎ উদ্দেশ্যে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক এই সুযোগ কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এর মাধ্যমে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে এবং আঞ্চলিক উত্তেজনা কমানো যাবে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতেই এই আলোচনা এগিয়ে নেওয়া উচিত।
তিনি আরও বলেন, সংঘাত এড়ানো এবং পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই সবচেয়ে কার্যকর পথ। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে কূটনৈতিক তৎপরতা জোরদারে মহাসচিবের একজন ব্যক্তিগত দূত ইতোমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করছেন, যিনি আলোচনাকে এগিয়ে নিতে সহায়তা করছেন।



