যুক্তরাষ্ট্রে ৫০ বছর পর নতুন তেল শোধনাগার, বিনিয়োগ করছে রিলায়েন্স – DesheBideshe

যুক্তরাষ্ট্রে ৫০ বছর পর নতুন তেল শোধনাগার, বিনিয়োগ করছে রিলায়েন্স – DesheBideshe

যুক্তরাষ্ট্রে ৫০ বছর পর নতুন তেল শোধনাগার, বিনিয়োগ করছে রিলায়েন্স – DesheBideshe

ওয়াশিংটন, ১১ মার্চ – ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বড় অঙ্কের বিনিয়োগে যুক্তরাষ্ট্রে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন একটি তেল শোধনাগার নির্মিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঐতিহাসিক চুক্তির কথা নিশ্চিত করেছেন।

তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ৩০ হাজার কোটি ডলারের চুক্তি হিসেবে উল্লেখ করেছেন। এই অনন্য সাধারণ বিনিয়োগের জন্য ট্রাম্প ভারতের ব্যক্তি মালিকানাধীন সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে এই নতুন শোধনাগারটি স্থাপন করা হবে। তবে এই মেগা প্রকল্পে রিলায়েন্সের সুনির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

মুকেশ আম্বানির রিলায়েন্স বর্তমানে ভারতের জামনগরে বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগার পরিচালনা করছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী কোম্পানিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ হাজার ৬০০ কোটি ডলার।

ডনাল্ড ট্রাম্প তার পোস্টে জানান নতুন এই শোধনাগার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জ্বালানি উৎপাদন বাড়াবে। এটি দেশের অর্থনীতিতে শতকোটি ডলারের ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার হিসেবে আত্মপ্রকাশ করবে। যুক্তরাষ্ট্রে উত্তোলিত তেল পরিশোধনের লক্ষ্যেই আমেরিকা ফার্স্ট রিফাইনিং এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মধ্যপ্রাচ্যে চলমান তুমুল সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কের মধ্যেই এই মেগা প্রকল্প নির্মাণের ঘোষণাটি এলো।

আমেরিকা ফার্স্ট রিফাইনিংয়ের প্রেসিডেন্ট ট্রে গ্রিগস জানান যুক্তরাষ্ট্রের কাছে হালকা শেল তেলের বিপুল মজুদ থাকলেও তা পরিশোধনের জন্য পর্যাপ্ত সক্ষমতা নেই। নতুন এই শোধনাগারটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে শোধনাগারটির নির্মাণকাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

এনএন/ ১১ মার্চ ২০২৬



Scroll to Top