যুক্তরাষ্ট্রে মিয়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ফিফার চূড়ান্ত অনুমোদন মিললে এটি হবে বিদেশের মাটিতে ইউরোপের শীর্ষ লিগগুলোর প্রথম ম্যাচ। পরিকল্পনাটির অবশ্য তীব্র সমালোচনা করেছে রিয়াল মাদ্রিদ।
আগামী ২০ ডিসেম্বর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গড়ানোর কথা রয়েছে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ। পরিকল্পনা বাস্তবায়নের জন্য উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনক্যাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
স্পেন কর্তৃপক্ষের অনুমোদনের পর রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়েছে, এই প্রস্তাবটি ম্যাচের সঙ্গে সম্পৃক্ত দলগুলোকে ‘অন্যায্য ক্রীড়া সুবিধা দেবে’ এবং ‘একটি অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে।’
যুক্তরাষ্ট্রে ম্যাচটি হলে হোম-অ্যাওয়ের সুবিধা থেকে বঞ্চিত এবং লিগের নীতিও লঙ্ঘন হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অবহিত বা পরামর্শ না করে আরএফইএফ এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি রিয়ালের।
বিবৃতিতে রিয়াল বলেছে, ‘হোম-অ্যাওয়ে লিগ ফরম্যাটে আঞ্চলিক পারস্পরিকতার মূলনীতি লঙ্ঘন করবে। রিয়াল মাদ্রিদ তার সদস্য, সমর্থক ও সামগ্রিকভাবে ফুটবল সমর্থকদের কাছে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানাতে চায়।’
‘যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে পরিণতি এতটাই গুরুতর হবে যে, তা ফুটবল জগতে অন্য এক মোড় নেবে। তাছাড়া এধরনের যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্লাবের স্পষ্ট সম্মতি থাকতে হবে।’




