যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহত নীলুফার ইয়াসমিন স্থানীয় একটি গ্যাস স্টেশনের বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

দোকান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, কয়েকদিন আগে এটিএম মেশিন থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে ঘটনার দিন সকালে দোকানের সামনে একটি গাড়ি ভাঙচুরের সময় নীলুফার ইয়াসমিন বাইরে এসে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি তাকে আঘাত করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে । এতে দেখা যায়, দোকানের সামনে গাড়ি ভাঙচুরের পর নীলুফার বাইরে এলে তার ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে তা জানাতে অনুরোধ করা হয়েছে।

Scroll to Top