
তেহরান, ১৮ এপ্রিল – যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো নতুন একটি প্রস্তাব বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফরের সময় মধ্যস্থতাকারী হিসেবে এই প্রস্তাব ইরানের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। যদিও প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরান এখন পর্যন্ত এই প্রস্তাবের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ স্পষ্ট করেছে যে, ভবিষ্যতে আলোচনার পথ প্রশস্ত করতে হলে যুক্তরাষ্ট্রকে বাড়তি দাবি পরিত্যাগ করতে হবে।
তেহরানের মতে, ওয়াশিংটনকে অবশ্যই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান গ্রহণ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, অঞ্চলে চলমান সংঘাত পুরোপুরি বন্ধ না হওয়া এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর তেহরান পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে। এই নিয়ন্ত্রণের অংশ হিসেবে প্রতিটি জাহাজের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং ট্রানজিট সনদ প্রদানের পাশাপাশি শুল্ক আরোপের পরিকল্পনাও ইরানের রয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে পরিষদ। তারা সাফ জানিয়ে দিয়েছে, এই অবরোধ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা হবে না।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬






