গত শুক্রবার যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। সোমবার পূর্ব লন্ডনের রমফোর্ডে তাঁর নাগরিক সংবর্ধনায় নিরাপত্তার কথা মাথায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।
প্রথম আলোর প্রশ্নের জবাবে এহতেশামুল হক জানান, অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য নিবন্ধনব্যবস্থা চালু করা হয়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলো বিবেচনা করে নিবন্ধনব্যবস্থা পর্যালোচনার কথাও জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিবাদের অধিকার থাকলেও বিক্ষোভের নামে অনুষ্ঠান বাধাগ্রস্ত করা, ভয়ভীতি প্রদর্শন কিংবা সহিংসতায় জড়ানোর ঘটনা পৃথক আইনি প্রশ্ন তৈরি করে। এনসিপির নেতাদের সফর ঘিরে ধারাবাহিক এসব ঘটনা বাংলাদেশের জুলাই-পরবর্তী রাজনৈতিক বিরোধের প্রভাব যুক্তরাজ্যের প্রবাসী রাজনীতিতেও কতটা বিস্তৃত হয়েছে, সেই প্রশ্ন সামনে এনেছে।

