
ঢাকা, ৬ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তা নিশ্চিতে কাকরাইল মসজিদ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শাহবাগের দিকে রওনা দিলে পুলিশ প্রথমে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে চলে যায় এবং জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ আবারও বাধা প্রদান করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে ১ জানুয়ারি থেকে পে স্কেল কার্যকরের দাবি জানানো হয়। এর আগে দাবি আদায়ে টানা কয়েক দিন কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬





