‘মোস্তাফিজের অর্জন কেউ ভুলতে পারবে না’ | চ্যানেল আই অনলাইন

‘মোস্তাফিজের অর্জন কেউ ভুলতে পারবে না’ | চ্যানেল আই অনলাইন

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। তৃতীয় ও শেষ ম্যাচে ফিরেছেন কাটার মাস্টার। কিউইদের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন দারুণ জয়। টাইগারদের এমন অসংখ্য জয়ের নায়কের অবদান ভুলে যাওয়ায় মতো নয়, বলছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৫ রানে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স করেছে এবং ও যেভাবে বোলিং করেছে আমরা সবসময় আশা করি মোস্তাফিজ এরকমই বোলিং করবে।’

মোস্তাফিজের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য সহজ হয় জানিয়ে মিরাজ বলেছেন, ‘মোস্তাফিজ তো মহান বোলার আমাদের বাংলাদেশের জন্য। ওর অর্জন কেউ ভুলতে পারবে না, কারণ বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এরকম একটা খেলোয়াড় থাকলে দলের জন্য অনেক উপকার হয়। যেকোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি কারণ ও এত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে। ওই কঠিন সময়ে ওকে দেখলে অবশ্যই অনেক আত্মবিশ্বাসী মনে হয় বোলিংয়ে, বিশেষ করে ক্রাইসিস মোমেন্টে।’

লম্বা সময় পর দলে সুযোগ পেয়ে শরিফুলও ভাল করেছেন। শরিফুলকে নিয়ে মিরাজ বলেছেন, ‘একটা প্লেয়ারের জন্য অনেক কঠিন, অনেকদিন পর যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে…. আমি যদি ভুল না করি শরিফুল প্রায় দেড় বছর পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই সিরিজে। সুযোগ চলে এসেছে মোস্তাফিজ প্রথম ম্যাচে ঠিক টসের আগে ও ইনজুরি হয়ে গিয়েছিল, সেজন্য ওর সুযোগ হয়েছে। একটা খেলোয়াড়ের জন্য হঠাৎ করে খেলাটা অনেক কাঠিন, তবে, ও যেভাবে নিজেকে মানিয়ে নিয়ে ওই ম্যাচে ভালো বোলিং করেছে, মানে খুবই ভালো করেছে। তিন ম্যাচই ধারাবাহিক পারফর্ম করেছে এবং সবার ভিতরে যদি এরকম পারফর্ম করার যে ক্ষুধাটা থাকে আমার কাছে মনে হয় দলের জন্য অনেক ভালো।

বাংলাদেশ ওয়ানডে দলে পেস ইউনিট নিয়ে মিরাজ বলেন, ‘দেখেন আমাদের পেস ইউনিটটা অনেক ভালো বোলিং করছে। শুধু আজকে না, শেষ তিন চার বছর ধারাবাহিক পারফর্ম করছে। আমরা অনেক ম্যাচ জিতেছি এরকম দেশে ও দেশের বাইরে। আমরা সাউথ আফ্রিকায় যেয়ে তাদের হারিয়েছি পেস ইউনিট অনেক ভালো ছিল বলে। আমার মনে হয়, একটা দলের যদি পেস ইউনিট ভালো থাকে তাহলে দলের মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় এবং ব্যাটাররা যদি ফর্মে থাকে এবং দুটা সমন্বয় যদি ভালো করতে পারি তাহলে দল ভালো রেজাল্ট করবে।

Scroll to Top