নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এবং দেশটির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ব্যক্তি নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস, তিনি ‘এল মেনচো’ নামে বেশি পরিচিত। তার বিরুদ্ধে তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) জাপোপান এলাকায় বিশেষ বাহিনীর পরিকল্পিত অভিযানে তাকে আটক করা হয়। পরে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে সেনাবাহিনীর সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং মৃত্যুবরণ করেন।
৫৯ বছর বয়সী এই সাবেক পুলিশ কর্মকর্তা কোকেন, মেথঅ্যামফেটামিন ও ফেন্টানিল পাচারসহ আন্তর্জাতিক মাদক বাণিজ্যের অন্যতম বড় নেটওয়ার্ক পরিচালনা করতেন। এল মেনচো জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান ছিলেন। অভিযানে সিজেএনজি-এর চার সদস্য নিহত এবং তিন সেনা সদস্য আহত হন। এই অভিযানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিশোধমূলক সহিংসতা শুরু করে সিজেএনজি। আটটি অঙ্গরাজ্যে গাড়িতে আগুন, সড়ক অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিয়নের কিছু এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ সতর্কতা জারি করেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো সামাজিক মাধ্যমে ‘কোড রেড’ সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেন। অঙ্গরাজ্যে গণপরিবহন স্থগিত করা হয়েছে।



