শফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে, তার সবগুলো নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো বিষয় আলোচনায় তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যে সব উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।’
ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।
অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর সঙ্গে নরেন্দ্র মোদি বৈঠকে মিলিত হলেন।
গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন।



