মেসি-মুলারদের লিগে যাচ্ছেন গ্রিজম্যান? | চ্যানেল আই অনলাইন

মেসি-মুলারদের লিগে যাচ্ছেন গ্রিজম্যান? | চ্যানেল আই অনলাইন

লিওনেল মেসির পর একে একে ইউরোপ মাতানো বেশ কয়েকজনের গন্তব্য হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। থমাস মুলার, সন হিউং-মিন, মার্কো রিউসের পর পাড়ি জমাতে পারেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অ্যান্টনিও গ্রিজম্যান। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাকে নিতে পারে মেসির ইন্টার মিয়ামির নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটি। ফরাসি তারকারও দীর্ঘদিনের ইচ্ছা মেজর লিগে খেলার।

ফ্লোরিডার ক্লাবটি ২৬ মার্চ মেজর লিগের প্রথম দলবদল বন্ধ হওয়ার আগে গ্রিজম্যানকে নিতে আগ্রহী। অরল্যান্ডো সিটি কিছুদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর রিকার্ডো পেরেরা চুক্তি চূড়ান্ত করতে একাধিকবার স্পেনে গেছেন। ৩৪ বর্ষী গ্রিজমান বর্তমান কোচ ডিয়েগো সিমিওনের দলে গুরুত্বপূর্ণ সদস্য। অ্যাটলেটিকো বর্তমানে কোপা ডেল রের ফাইনালের দ্বারপ্রান্তে।

গ্রিজম্যান কখনোই আমেরিকান সংস্কৃতির প্রতি আগ্রহ কিংবা মেজর লিগে খেলার ইচ্ছা গোপন করেননি। তাকে প্রায়ই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে দেখা যায়। গতবছরের শেষদিকে বলেছিলেন, ‘সবাই জানে মেজর লিগে খেলা আমার স্বপ্ন এবং আমার লক্ষ্য।’

ইন্টার মিয়ামিও গ্রিজম্যানকে দলে নেয়ার বিষয়ে আগ্রহী ছিল। তাদের দলে ইতিমধ্যেই তিনজন বিদেশী খেলোয়াড় থাকায় আর আলোচনা আগায়নি।

গ্রিজম্যানকে নেয়া অরল্যান্ডো সিটির জন্য একটু কঠিনই। তার সঙ্গে অ্যাটলেটিকোর চুক্তি রয়েছে ২০২৬/২৭ মৌসুমের শেষ পর্যন্ত। সঙ্গে দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠতে মঙ্গলবার ক্লাব ব্রুগের বিপক্ষে জয়ের লক্ষ্যে নামবে। ইউরোপে গ্রীষ্মকালীন দলবদল দরজা ১৫ জুন খোলার আগে তাকে ক্লাব ছাড়বে না। দুই উপমহাদেশে দলবদলের সময়সূচির অমিলের কারণে অরল্যান্ডো সিটি ১৩ জুলাইয়ের আগে নিবন্ধন করাতে পারবে না। যে সময় থেকে মেজর লিগের দ্বিতীয় দলবদল শুরু হবে।

ক্লাব ও দেশের হয়ে গ্রিজম্যানের ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ। ২০১৮ সালে বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে ৭ ম্যাচে ৪ গোল ও দুই অ্যাসিস্ট করেছিলেন। ২০১৬ ও ২০১৮ সালে ব্যালন ডি’অরে তৃতীয় স্থানে ছিলেন। চারবার লা লিগা টিম অব দ্য সিজনে জায়গা পেয়েছেন। তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

Scroll to Top