বাস পার্কিং ডিফেন্স লাইনে আর্জেন্টিনাকে প্রথমার্ধে প্রায় রুখে দিয়েছিল কেপ ভার্দে। তবে লিওনেল মেসি তো আছেনই। আফ্রিকান দেশটির রক্ষণ দেয়াল ভাঙলেন, আর্জেন্টিনাকে লিড এনে দিলেন। ১-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধে বিরতিতে আর্জেন্টিনা।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিট ভালোই খেলেছিল কেপ ভার্দে। আক্রমণে যাওয়ারও চেষ্টা করেছিল। তবে দ্রুতই তারা রক্ষণে মনোযোগ দেয়। হাইড্রেশন ব্রেক অবধি আর্জেন্টিনা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ম্যাচের ১৮ মিনিটে একটি ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসির নেয়া ফ্রি কিক সরাসরি জমা পড়ে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহার হাতে।
তবে ২৯ মিনিটে কেপ ভার্দের দেয়াল ভাঙেন লিওনেল মেসি। লিসান্দ্রো মার্টিনেজ লম্বা পাস বাড়ান মেসির দিকে। ডি বক্সের মধ্যে প্রথম স্পর্শেই বলকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন মেসি। এরপর দ্বিতীয় স্পর্শে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে বল পাঠান জালে। বিশ্বকাপে ৩০তম ম্যাচ খেলতে নেমে ২০তম গোল মেসির, চলতি বিশ্বকাপে সপ্তম।
ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে কেপ ভার্দে। আর্জেন্টিনার রক্ষণে হানা দেয় নিয়মিতই। তবে ডি-বক্সের কাছে এসে থামতে হয় তাদের। ৩৮ মিনিটে শট করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায়। পরের মিনিটেও আক্রমণ সাজায়, তবে লাভ হয়নি।
ম্যাচের ৪৪ মিনিটে সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে গোল মুখে শট নেন লৌতারো মার্টিনেজ। তবে বা-দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভোজিনহা। শেষ অবধি ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।



