
মায়ামি, ১৯ জুলাই – ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে। এই অর্জনের মধ্য দিয়ে তিনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন।
মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে ফ্রান্সকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করলেও ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন এমবাপে। ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের সহযোগিতায় গোল দুটি করেন তিনি।
বিশ্বকাপের ২২ ম্যাচে এখন এমবাপের মোট গোল সংখ্যা ২২টি, যেখানে মেসির সংগ্রহ ৩৩ ম্যাচে ২১ গোল। চলতি আসরে এমবাপের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে এবং তিনি ৪টি অ্যাসিস্টও করেছেন। বিশ্বের চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে অন্তত ১০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন এই ফরাসি ফরোয়ার্ড।
এর আগে ১৯৫৮ সালে জাস্টিন ফন্টেইন ১৩টি, ১৯৫৪ সালে স্যান্ডর কোচসিচ ১১টি এবং ১৯৭০ সালে গার্ড মুলার ১০টি গোল করার মাইলফলক স্পর্শ করেছিলেন। এই পারফরম্যান্সের মাধ্যমে এমবাপে গোল্ডেন বুট জয়ের দৌড়েও বর্তমানে সবার শীর্ষে অবস্থান করছেন।
এনএন/ ১৯ জুলাই ২০২৬





