
বুয়েনস আইরেস, ২৯ সেপ্টেম্বর- ২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণ কীভাবে সাজানো হবে, সেটিই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
এই ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার সামনে তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো ও ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করা হবে।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি স্কালোনি। তবে সম্ভাব্য একাদশ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছেন তিনি। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, তার একটি ধারণা দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের সামনে রক্ষণে থাকতে পারেন আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে থাকতে পারেন এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণভাগে লাউতারো ও আলভারেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। মেসি দলে থাকলে এই জুটি নিয়মিত একসঙ্গে শুরুর একাদশে সুযোগ পেত না। এবার মেসির অনুপস্থিতিতে সেই সমন্বয় পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ।
বলিভিয়া ম্যাচের আগে সোমবার বিকেলে অনুশীলন করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নামে নামকরণ করা এজেইজা কমপ্লেক্সে অনুশীলন শুরু করেন খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে মাঠে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলেন স্কালোনি।
শুরুতে খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করা হয়। মূল দলের কয়েকজন খেলোয়াড় তুলনামূলক হালকা অনুশীলনে অংশ নেন। এই দলে ছিলেন এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এক্সেকিয়েল পালাসিওস।
মেসি, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়দের নিয়মিত হালকা ফুটবল খেলার যে রীতি রয়েছে, সেই আদলেই চলে এই পর্ব। আগের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা কিংবা পুনর্বাসনে থাকা খেলোয়াড়দের অবশ্য জিমে থাকতে হয়েছে। নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা স্টেশনারি বাইকে সময় কাটান।
ক্লাব ফুটবলে সপ্তাহান্তে ম্যাচ খেলা দুই খেলোয়াড় তমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেসও সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। পালাসিওস আগে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও এস্তুদিয়ান্তেসের হয়ে আন্তর্জাতিক সুপার কাপে খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বোকা জুনিয়র্সের হয়ে রেসিং ক্লাবের বিপক্ষে কোপা আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে খেলেছিলেন ফ্লোরেস।
বলিভিয়া ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে কথা বলবেন স্কালোনি।
এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬




