ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প দাবি করেছেন, মেলোনি তার প্রতি অতিরিক্ত আসক্ত এবং তার বিরুদ্ধে রেস্ট্রেইনিং অর্ডার বা আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন।
আজ (৬ জুলাই) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প মেলোনির সঙ্গে একটি সম্পাদিত ছবি প্রকাশ করেন। ছবিতে ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্পের দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে জর্জিয়া মেলোনি বলেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।
ইতালির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ইতালি এবং আমি কখনোই কারও কাছে ভিক্ষা বা অনুনয় করি না। তিনি যুক্তরাষ্ট্রবিরোধী নন। তবে ইতালি নিজের স্বার্থ ও মর্যাদা বজায় রেখেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে। শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে স্পষ্টভাষিতা প্রয়োজন।
দুই নেতার মধ্যে উত্তেজনার সূত্রপাত হয় গত সপ্তাহে। তখন ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক জি-সেভেন সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। এমনকি তিনি অনুনয়-বিনয় করেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।



