ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০তে হেরেছে বাংলাদেশ। সে তুলনায় আজারবাইজানের বিপক্ষে বেশ গোছালো ফুটবল খেলেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণারা চাকমারা। ফিফা র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে চেষ্টার কোনো কমতি ছিল না পিটার বাটলারের শিষ্যদের। তাদের সেই প্রচেষ্টারই প্রশংসাও করলেন কোচ।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফিফা টেবিলে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে পিছিয়ে পড়ে মারিয়া মন্দার গোলে সমতায় ফিরলেও শেষপর্যন্ত পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা-মনিকাদের।
শিষ্যদের দশের মধ্যে কত নম্বর দেবেন কোচ? জবাবে বাটলার বলেছেন, ‘নম্বর দেয়ার ক্ষেত্রে আমি আসলেই খুব খারাপ। এক্ষেত্রে আমি কখনই উদার নই। কেননা, আমি সবসময় আরও বেশি চাই। আমি মনে করি, পরিকল্পনা বাস্তবায়নে মেয়েদের যে প্রচেষ্টা ছিল, তা দশে দশ।’
‘আমরা যে দলটার বিপক্ষে খেললাম, পেশাদার পর্যায়ে তারা প্রতিদিন, প্রতি সপ্তাহে খেলে। তাদের বিপক্ষে ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার আছে আমাদের। যদি আপনারা প্রচেষ্টার কথা বলেন, আমি মেয়েদের দশে দশ দেব। যদি আপনারা মানের কথা বলেন, তাহলে সম্ভবত পাঁচ-ছয় দেব, খুব উদার হলে সাত দেব।’
এ নিয়ে টানা চার ম্যাচ হারল বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে আগামী মার্চের মেয়েদের এশিয়ান কাপ সামনে রেখে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন বাটলার।
‘যদি সম্ভব হয়, মেয়েদের এশিয়ান কাপ শুরুর আগ পর্যন্ত আমি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাইব। যদি আমরা হারিও, তবু সেখান থেকে আমরা কিছু শিখব। এই মেয়েরা সাফের টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, সাফের মান ভয়ানক বাজে। এটি উঁচু মানের নয়। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এএফসি এশিয়ান পর্যায়ে।’



