মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস | চ্যানেল আই অনলাইন

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস | চ্যানেল আই অনলাইন

মেয়েদের ফুটবল লিগের (ডব্লিউএফএল) সপ্তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টারস ফুটবল ক্লাব। প্রথমবার আসরে অংশগ্রহণ করে ১০ ম্যাচের সবগুলোতে জিতেছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নের তকমা পরেছে রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শিউলি আজিমসহ জাতীয় দলের তারকাসমৃদ্ধ রাজশাহী।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ শিরোপা রাজশাহী স্টারসের হাতে তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তারা।

১০ রাউন্ডের লিগে ১০ ম্যাচে জয় পাওয়া রাজশাহী প্রতিপক্ষকে দিয়েছে মোট ৯০ গোল। বিপরীতে কোন ম্যাচেই প্রতিপক্ষ গোল দিতে পারেনি দলটির জালে। আসরে রানার্সআপ হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ১০ ম্যাচের ৯টিতে জিতে ২৭ পয়েন্ট অর্জন করেছে তারা। প্রতিপক্ষকে ৭০ গোল দিয়ে হজম করেছে মাত্র ৪ গোল।

আসরে তৃতীয় হয়েছে বাংলাদেশ আর্মি। জয় দিয়ে আসর শুরু করা আর্মি দল ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জিতে ২৪ পয়েন্টে হয়েছে তৃতীয়। দলটি প্রতিপক্ষকে ৬৮ গোল দিয়ে হজম করেছে ৫টি। সবচেয়ে বেশি আসরে অংশ নেয়া নাসরিন স্পোর্টস একাডেমি আছে ১০ম স্থানে। আসরে তারা একটি মাত্র জয় তুলেছে।

আসরে তলানির দলটির নাম কাচারিপাড়া একাদশ। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলা কাচারিপাড়া কোন ম্যাচে জিততে পারেনি। প্রতিপক্ষকে ৪ গোল দিয়ে বিপরীতে হজম করেছে ১২৯ গোল। আসরে এই দলটিই সবচেয়ে বেশি গোল হজম করেছে।

Scroll to Top