মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার-এ অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ সিনেমা দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রথমদিকে যে তথ্য ছড়িয়েছিল— তিনি ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমা দেখতে গেছেন, তা সঠিক নয় বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের শো-তে তারেক রহমান মেয়েকে নিয়ে দেখেছেন হলিউডের আলোচিত সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট হেইলি মেরি’।
তিনি জানান, “প্রধানমন্ত্রী একেবারে সাধারণ দর্শকদের মতো কোনো ধরনের প্রটোকল ছাড়াই সিনেপ্লেক্সে এসে সিনেমাটি উপভোগ করেছেন। অন্য যে সিনেমার খবরটি ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ ঘটনাকে ‘দৃষ্টান্ত স্থাপন’ বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, দেশের প্রধানমন্ত্রী এবং একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সাধারণ দর্শকের মতো সিনেমা হলে এসে ছবি দেখা নিঃসন্দেহে নজীর স্থাপন।
চলতি বছরের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইলি মেরি’। পরে ২০ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তির পরপরই এটি বিশ্বব্যাপী ১৪০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করে এবং ২০২৬ সালের অন্যতম বড় ওপেনিং রেকর্ড গড়ে।
ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। গল্পে তিনি এক সাধারণ বিজ্ঞান শিক্ষক, যিনি হঠাৎ করেই জড়িয়ে পড়েন এক মহাকাশ মিশনে, যার লক্ষ্য মানবজাতিকে এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করা।

জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ার-এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। ভিজ্যুয়াল নির্মাণশৈলী, আবেগঘন গল্প এবং বৈজ্ঞানিক উপাদানের মিশেলে সিনেমাটি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সব মিলিয়ে, ‘প্রজেক্ট হেইলি মেরি’ শুধু বক্স অফিসেই নয়, আলোচনাতেও শীর্ষে রয়েছে। বাংলাদেশে এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২৭ মার্চ। আর সেই সিনেমাই এবার মেয়ে জাইমা রহমানসহ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





