মৃত্যুর আগেই নিজেই নিজের কবরস্থানের নির্ধারিত জায়গায় ঘর বানিয়ে বসবাস করছেন কিশোরগঞ্জের মোহাম্মদ আলী নামের ১০০ বছর বয়সী একজন ব্যক্তি। তার ইচ্ছা, মৃত্যুর পর এখানেই যেন তাকে দাফন করা হয়।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাড়ির সামনেই ১১ ফিট লম্বা ও ৮ ফিট প্রসস্ত ছাদের ঘর তৈরি করেছেন মোহাম্মদ আলী। ঘরের উপরে রঙিন বাতিও লাগিয়েছেন। ঘরটি দেখতে ছুটে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। মোহাম্মদ আলীর ইচ্ছা মৃত্যু পরবর্তী সময় যেন তাকে এই ঘরেই দাফন করা হয়।

মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের আসমাঈল শেখের ছেলে। তিনি ২টি বিয়ে করেছেন। তিনি ৫ ছেলে এবং ৬ মেয়ের জনক। তিনি ৭০ বছর আগে গাজীপুরের চানপুরের পীর আব্দুস সামাদ চানপুরির কাছে ধর্মীয় শিক্ষা নিয়েছিলেন, তার আদেশেই তিনি কবরস্থানে থাকছেন। দ্বিতীয় স্ত্রী জীবিত থাকলেও গত চারদিন ধরে এই ঘরেই বসবাস করছেন তিনি।


এই বিষয়ে ফকির মোহাম্মদ আলী দয়াল বলেন, লম্বা ১১ ফিট ও প্রসস্ত ৮ ফিট ঘরটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা। মৃত্যুর পর যেন আমাকে এই ঘরেই যেন দাফন করা হয়। জীবিত থাকা অবস্থায় তাই নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে জায়গা নির্ধারণ করে রাখছি। গত কয়েকদিন ধরে এখানেই বসবাস করছি। এটা আমার পীরের অসিয়ত ছিল তাই এটা করেছি।





